দেবিদ্বার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

পবিত্র কারবালার স্মরণে এবং তাঁদের ত্যাগ, আদর্শ ও সত্য-ন্যায়ের সংগ্রামের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ২০ জুন ২০২৬, “শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে আজ এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আলেম-উলামা, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় প্রধান আলোচক ও বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মোহাম্মদ জাবের হোসাইন। এছাড়া দেবীদ্বার উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্যরত সমাজকর্মী ও সংগঠক মোহাম্মদ জাবের হোসাইন। (ছবি: সংগৃহীত)

সভায় বক্তারা বলেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়; বরং সত্য, ন্যায় ও মানবতার পক্ষে আপসহীন অবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ যুগে যুগে মুসলিম উম্মাহকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগাবে।

পরবর্তীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেবীদ্বার উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, সামাজিক সম্প্রীতি রক্ষা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং দ্বীনি ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন এবং শোহাদায়ে কারবালার আদর্শ বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত