চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জুলাই ২০২৬-এর টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে নিরলস মানবিক সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ গাউছিয়া কমিটি বাংলাদেশ ও যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গুনিয়া ইউনিট-কে “দুর্যোগে মানবিক সেবায় বিশেষ সম্মাননা স্মারক” প্রদান করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।
রোববার (১৯ জুলাই) উপজেলা মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই সংগঠনের প্রতিনিধিদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ, আশ্রয়কেন্দ্রে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিক মানবিক সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ এ দুই স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মানিত করা হয়েছে।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, “July Heavy Rainfall-2026 চলাকালীন পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সেবা প্রদান করায়” গাউছিয়া কমিটি বাংলাদেশ এবং যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গুনিয়া ইউনিটকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, “দুর্যোগের কঠিন সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের এই নিঃস্বার্থ মানবিক অবদানকে স্বীকৃতি জানাতেই উপজেলা প্রশাসনের এ উদ্যোগ।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের আরও উৎসাহিত করবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করবে।