ঢাকার ঐতিহ্যবাহী ‘মিয়া সাহেবের ময়দান’ খানকাহ শরীফের ৮ম গদিনশীন পীর সাহেবের ১৮তম ওরস শরীফ সম্পন্ন

রাজধানী ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ‘মিয়া সাহেবের ময়দান’ খানকাহ শরীফে গাউসে পাক হযরত শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী (রহ.)-এর দশম পুরুষ এবং খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা মাযহারে আসফারে কারীম, আলহাজ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আব্দুর রহীম শহীদ (কু. সি. আ.)-এর ভ্রাতুষ্পুত্র ও অষ্টম গদ্দিনিশীন আলহাজ হযরত শাহ সুফী সৈয়দ হামিদ উল্লাহ (কু. সি. আ.)-এর ১৮তম ওরশ শরীফ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ এবং বিপুলসংখ্যক আশেকান ও ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

ওরশ শরীফ উপলক্ষে গত ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) ফজরের নামাজের পর থেকেই দিনব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচির সূচনা হয়। এর মধ্যে ছিল— পবিত্র খতমে কুরআন, খতমে সূরা মুযযাম্মিল, খতমে সূরা ইয়াসীন এবং খতমে সূরা ইখলাসসহ বিশেষ খতমাত আদায়। পরবর্তীতে বাদ মাগরিব থেকে আউলিয়া কেরামের শানে ওয়াজ মাহফিল, মিলাদ-কিয়াম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের স্টামফোর্ড জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা সাইফুল আজম বাবর আজহারী। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে পবিত্র কুরআন ও সুন্নাহর সুমহান আলোকবর্তিকা তুলে ধরে বলেন, সমাজ ও ব্যক্তি জীবনে আত্মশুদ্ধি অর্জন, উত্তম আদব-আখলাক গঠন, নিঃস্বার্থ মানবসেবা এবং অলী-আওলিয়ায়ে কেরামের প্রদর্শিত জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানের সার্বিক তাৎপর্য তুলে ধরে আয়োজক কমিটির পক্ষ থেকে ডা. মোহাম্মদ ইশতিয়াক সাজ্জাদুর রহমান ‘দ্য সুফি টাইমস’-কে বলেন, “শান্তি, শৃঙ্খলা, আদব-আখলাক ও মানবিক গুণাবলিসম্পন্ন আদর্শ ব্যক্তিত্ব গড়ে তুলতে চাইলে এমন মহান অলী-আওলিয়ায়ে কেরামের দরবারে উপস্থিত হওয়া, তাঁদের জীবনাদর্শ অনুসরণ করা এবং তাঁদের সান্নিধ্য থেকে শিক্ষা গ্রহণ করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, সুফি-সাধক, ধর্মপ্রাণ মুসল্লি এবং অসংখ্য আশেকান-ভক্ত অংশগ্রহণ করেন। এবারের মাহফিলে সভাপতিত্ব করেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করেন ‘মিয়া সাহেবের ময়দান’ খানকাহ শরীফের সাজ্জাদানশীন ও বর্তমান গদ্দিনিশীন আলহাজ হযরত আল্লামা শাহ সুফী সৈয়দ আহমাদুর রহীম (মাদ্দাযিল্লুহুল আলী)। তিনি বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব এবং বিশ্বমানবতার স্থায়ী শান্তি, নিরাপত্তা, ঐক্য, সমৃদ্ধি এবং চলমান বন্যা-দুর্যোগসহ সকল প্রকার প্রাকৃতিক ও সামাজিক বিপদ-আপদ থেকে মুক্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য যে, ‘মিয়া সাহেবের ময়দান’ খানকাহের প্রতিষ্ঠাতা শাহ সুফী সৈয়দ আব্দুর রহীম শহীদ ১৭০৮ সালের নভেম্বর মাসে তিনি ঢাকায় আসেন এবং এই খানকাহ প্রতিষ্ঠা করেন। ইতিহাসবিদদের মতে, এটিই ঢাকার প্রথম খানকাহ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত