আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে খানকাহ্-এ তৈয়্যেবিয়া মিলনায়তনে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় আঞ্জুমান ট্রাস্ট, ঢাকার কার্যকরী কমিটি, গাউসিয়া কমিটি বাংলাদেশ-ঢাকা এবং এর আওতাধীন বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। আসন্ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এ সময় জুলুছের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, শাখা কমিটিগুলোর দায়িত্ব বণ্টন, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বক্তারা বলেন, প্রিয়নবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আদর্শ, প্রেম ও শান্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কমিটিকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আওতাধীন সকল শাখা কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।