চবিতে ‘চিন্তাবৃত্ত’র সাহিত্য আড্ডা, আলোচনায় বাংলা সাহিত্যে নবীপ্রেম

বাংলা সাহিত্যে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর প্রভাব, তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর প্রতি কবি-সাহিত্যিকদের ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম ‘চিন্তাবৃত্ত’র আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক ছিলেন শিক্ষক ও চিন্তক মুনির শওকী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী।

আলোচনায় মুনির শওকী বাংলা সাহিত্যে ঈদে মিলাদুন্নবী (দ.) এর উপস্থিতি এবং কবিতা, গদ্যসহ বিভিন্ন সাহিত্যকর্মে মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর প্রতি কবি-সাহিত্যিকদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাংলা সাহিত্যে নবীপ্রেমের বহুমাত্রিক প্রকাশ এবং সাহিত্য ও সংস্কৃতির আলোকে ঈদে মিলাদুন্নবী (দ.) এর তাৎপর্য অনুধাবনের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলা সাহিত্যের বিভিন্ন পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবন, আদর্শ ও তাঁর প্রতি ভালোবাসা নানা আঙ্গিকে প্রকাশ পেয়েছে। সাহিত্যকর্মের মধ্য দিয়ে এই নবীপ্রেমের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম চৌধুরী, কায়েস উদ্দিন, মুহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমি, মিনহাজুল আলম আকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক দৌলতুল ইসলাম, চবি গাউছিয়া কমিটি কলা অনুষদের সভাপতি আবু তৈয়ব, চবি গাউছিয়া কমিটি সমাজবিজ্ঞান অনুষদের সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও নবীপ্রেমের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান তারা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত