ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘চিন্তাবৃত্ত’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সিরাত গ্রন্থ প্রদর্শনী।
নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, আদর্শ ও মহানুভবতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে আয়োজিত এ প্রদর্শনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। প্রদর্শনীতে এসে শিক্ষার্থীরা মহানবী ﷺ-এর জীবন ও কর্মের ওপর রচিত বিভিন্ন সিরাত গ্রন্থ পড়ছেন ।
এছাড়াও প্রদর্শনীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত হয়ে আয়োজকদের উৎসাহিত করেন এবং সিরাতচর্চার এমন উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে মহানবী ﷺ-এর জীবনাদর্শ, মানবিকতা ও নৈতিক শিক্ষার চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। বইপাঠ ও জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সিরাতের শিক্ষা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়াই তাদের প্রত্যাশা।