চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই এলাকায় অবস্থিত ধলই মুনীরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৬তম বার্ষিক সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং হযরতুলহাজ্ব মাওলানা শাহ সুফি মীর মাহবুবুল আলম শাহ মুনিরী (রহ.)-এর ২৫তম বার্ষিক ওরস শরীফ আজ অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজ বুধবার (২০ মে) দুপুর থেকে কাটিরহাট পশ্চিম ধলইস্থ ধলই মীর মুনীরীয়া মাহবুবিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এই আজিমুশশান দ্বীনি মহাসমাবেশ শুরু হবে।
আধ্যাত্মিক ও দ্বীনি ভাবগাম্ভীর্যপূর্ণ এই মাহফিলের শুভ উদ্বোধন করবেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুখদুমে মিল্লাত পীরে তরিকত হযরত শাহসুফি আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামি শরিয়ত ও সুফি দর্শনের ওপর মূল্যবান তকরির (বক্তব্য) পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মুহাম্মদ শাহ আলম নঈমী আশরাফী রজভী বরকাতী মুনঈমী (মজিআ)। দ্বীনি এই মহাসভার সার্বিক পরিচালনা ও সভাপতিত্বের দায়িত্বে থাকবেন পীরে তরিকত, সাজ্জাদানশীনে দরবার হযরতুল আল্লামা জনাব আলহাজ্ব মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী।
ওরস ও বার্ষিক সভা উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—বাদে ফজর পবিত্র কুরআন তিলাওয়াত, সকাল আটটায় মাজার শরীফে গোলাপ জল ও পুষ্পস্তবক অর্পণ, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, জিয়ারত, মিলাদ-কিয়াম ও বিশেষ মোনাজাত।
এরপর বিকেল চারটায় অনুষ্ঠিত হবে খতমে সহীহ বুখারী শরীফ। এসময় আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও গুণীজনদের উপস্থিতিতে বিশেষ আলোচনা সভা এবং মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক প্রদান করা হবে।
বাদে মাগরিব মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হবে। এশার নামাজ শেষে উপস্থিত ধর্মপ্রাণ আশেকান ও মুসলমানদের মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আধ্যাত্মিক মিলনমেলার সমাপ্তি ঘটবে।
মাহফিলটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে ধলই মুনীরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সর্বস্তরের আশেকানে মোস্তফা ও সুফি জনতাকে যথাসময়ে দরবার শরীফে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।