চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী সুফি সাধনার অন্যতম বিদ্যাপীঠ আহলা দরবার শরীফে আজ মহাসমারোহে অনুষ্ঠিত হবে পবিত্র চন্দ্রবার্ষিক ওরস শরীফ। আজ ৯ জুন (মঙ্গলবার/২২ জিলহজ ১৪৪৭ হিজরি) দরবারের মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব, হযরতুল আল্লামা শাহ সুফি আবুল মোকারেম মুহাম্মদ নুরুল ইসলাম আল-ক্বাদেরী আল-চিশতী—যিনি সর্বসাধারণের কাছে ‘হযরত নূরী বাবা’ নামে সমধিক পরিচিত—তাঁরই স্মরণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে এই ওরসের আয়োজন করা হয়েছে।
পবিত্র এই আধ্যাত্মিক আয়োজন সার্বিকভাবে পরিচালনা ও মোনাজাত করবেন হযরতুল আল্লামা আলহাজ শাহসূফী মাওলানা সৈয়দ আবু জাফর মুহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী আল-চিশতী (রহ.) ক্বেবলার সুযোগ্য সাহেবজাদা, শাহ সুফি সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মা.জি.আ.)।
আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, আহলা দরবার শরীফের সার্বিক প্রচার ও ব্যবস্থাপনায় আজ দিনব্যাপী নানামুখী দ্বীনি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কুরআন তিলাওয়াত ও খতমে গাউসিয়া শরীফ, মাজার শরীফে গিলাফ চড়ানো ও পুষ্পস্তবক অর্পণ, বাদে জোহর ও আসর ওলামায়ে কেরামদের উপস্থিতিতে ওলী-আউলিয়াদের জীবন ও সুফি দর্শনের ওপর বিশেষ আলোচনা সভা এবং বাদে মাগরিব কাদেরিয়া ও চিশতিয়া তরিকার বিশেষ জিকির-আজকার।
বাদে এশা ঐতিহ্যবাহী মিলাদ, কিয়াম ও সালাতু-সালাম শেষে দরবারের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরীর পরিচালনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মোনাজাত শেষে সমবেত ভক্ত ও আশেকানদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে ওরসের সফল সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।