পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আহলা দরবার শরীফের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এবং দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
জশনে জুলুসে নেতৃত্ব দেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)। জুলুসটি আহলা দরবার শরীফ থেকে শুরু হয়ে বোয়ালখালী ও পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়।
পরে যোহরের নামাজ শেষে দরবার শরীফে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে বক্তব্য রাখেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও ইসলামি স্কলার শায়খ সৈয়দ মুহাম্মদ হাসান আল-আজহারী, আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নেজাম উদ্দিন চিশতী, মাওলানা কাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইদ্রিস মিয়া, মাওলানা সাজ্জাদ হোসাইন, আরকানুর রহমান নঈমীসহ অনেকে।
আখেরি মোনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামা’তের ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর পবিত্র জীবনাদর্শ, উত্তম চরিত্র, মানবিকতা, শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। নবীজির প্রতি ভালোবাসা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর সুন্নাহ, আদর্শ ও নৈতিকতাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। তাঁর মতে, এটাই প্রকৃত নবীপ্রেমের পরিচয়।