চট্টগ্রামের আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র আমিরভাণ্ডার দরবার শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হতে যাচ্ছে প্রখ্যাত সুফি সাধক হযরত আমিরুল আউলিয়া আমিরভাণ্ডারী (ক.)-এর পবিত্র ওরস-এ-পাক। আগামী ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, মোতাবেক ০৩ মে ২০২৬, রবিবার এই ওরস অনুষ্ঠিত হবে।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, ওরস উপলক্ষে দেশ-বিদেশের হাজারো ভক্ত ও আশেকানদের সমাগম ঘটবে। ওরস শরীফের মূল আয়োজনে থাকছে খতমে কোরআন ও মিলাদ মাহফিল, হযরত আমিরুল আউলিয়া (ক.)-এর জীবন ও দর্শনের ওপর বিশেষ আলোচনা, বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ।
এবারের ওরছ মোবারকের মূল আরজ গুজার হিসেবে উপস্থিত থাকবেন শাহজাদায়ে আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমিরভাণ্ডারী। ওরসটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আঞ্জুমানে-এ-রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া প্রচার ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছে আমিরভাণ্ডার শাহ আবু যুব কমিটি বাংলাদেশ।
প্রতি বছরের ন্যায় এবারও এই ওরছ শরীফকে কেন্দ্র করে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগত মেহমান ও ভক্তদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধ্যাত্মিক এই মিলনমেলায় সকল ধর্মপ্রাণ মানুষকে অংশ নেওয়ার জন্য দরবার শরীফের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।