গাজীপুরের আব্বাছিয়া দরবার শরীফে শাহ সুফি ছাদেকুছ ছামাদ আল কাদেরীর ৩০তম ওরস শরীফ সম্পন্ন

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীস্থ ঐতিহ্যবাহী আব্বাছিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর, প্রখ্যাত সুফি সাধক ও পীরে তরিকত শাহ সুফি আব্বাছ আলী আল কাদেরী (রহ.)-এর একমাত্র সন্তান পীরজাদা শাহ সুফী ছাদেকুছ ছামাদ আল কাদেরী (রহ.)-এর ৩০তম পবিত্র ওরস শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ২৩ জুন (মঙ্গলবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ওরস শরীফ পালিত হয়।

উক্ত ওরস শরীফে নেতৃত্ব প্রদান এবং আকিদা ও তাসাউফভিত্তিক নসিহতমূলক আলোচনা পেশ করেন আব্বাছিয়া দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর সাহেব, পীরে তরিকত শাহ সুফী আব্দুল করিম আল কাদেরী। প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব বলেন, “আহলে বায়েতের প্রতি গভীর ভালোবাসা ও মহব্বত পোষণ করা ঈমানের মূল অংশ। রাসূলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পরিবার তথা আহলে বায়েতের প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করা প্রত্যেক মুমিনের পবিত্র দায়িত্ব।”

পবিত্র এই ওরস মাহফিলে সুফি গবেষক, আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল্লাহিল বাকী, মাওলানা হাবিবুর রহমান, মুফতী হাফিজুর রহমান রেজভী, মুহাম্মদ আলী মেম্বার এবং মুহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

দরবারের রীতি অনুযায়ী, মঙ্গলবার বাদ আসর পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও মিলাদ শরীফের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সারারাতব্যাপী দেশবরেণ্য উলামায়ে কেরামগণের ওয়াজ-নসিহত ও ভক্ত-আশেকানদের সুউচ্চ জিকির-আজকারের মাধ্যমে ওরসের ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হয়।

পরদিন বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে ৩০তম ওরস শরীফের সমাপ্তি ঘটে। মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দরবারের সকল ভক্ত-অনুধ্যায়ীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত