কুমিল্লার জামিউল কুরআন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসায় সৈয়দ আহমদ শাহ সিরিকোটীর সালানা ওরস ও সবক অনুষ্ঠান সম্পন্ন

 

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লার রাজাপাড়া দক্ষিণ চৌমুহনীস্থ ‘জামি উল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা’ প্রাঙ্গণে ৬৭তম সালানা ওরশ ও সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে এই বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামি উল কোরআন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যে আলোর বিস্তার ঘটাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আল্লামা সিরিকোটি (রহ.) যে আধ্যাত্মিক ও শিক্ষামূলক ধারা প্রবর্তন করে গেছেন, তা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।” তিনি উপস্থিত সকলকে তাকওয়া অর্জন এবং সুন্নতে রাসূল (ﷺ) অনুসরণের মাধ্যমে জীবন গড়ার আহ্বান জানান।

মাদরাসার নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানটি সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল (ﷺ) পরিবেশনার মাধ্যমে শুরু হয়। এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাহফিলে আল্লামা সিরিকোটি (রহ.)-এর জীবন ও ইসলামের খিদমতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়।

দুপুর ১টায় দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত