কক্সবাজারের রামুতে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কক্সবাজারের রামুতে আগামী ২৬ আগস্ট ২০২৬, বুধবার জশনে জুলুস অনুষ্ঠিত হবে। আনজুমান-এ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ, কক্সবাজার জেলা ও রামু উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৮টায় রামু উপজেলা বাঁকখালী অডিটরিয়াম প্রাঙ্গণে জুলুসে অংশগ্রহণকারীদের জমায়েত শুরু হবে। সকাল ৮টা ৩০ মিনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় বাঁকখালী অডিটরিয়াম প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হবে।

জুলুসটি রামুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গেইট, উত্তর মিঠাছড়ি ও জোয়ারিয়ানালা হয়ে রামুর মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে সকাল ১১টা ৩০ মিনিটে সেখানে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও এলাকাভিত্তিক আনজুমানের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। জশনে জুলুসে অংশগ্রহণের জন্য রামুর সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত