ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালা শুরু আগামীকাল, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য ‘সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা’ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬)। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় এই অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, সুমহান কর্ম, আদর্শ, মানবিক মূল্যবোধ এবং শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পক্ষকালব্যাপী বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে:
মাহফিল ও সম্মেলন: প্রখ্যাত আলেমদের উপস্থিতিতে ওয়াজ মাহফিল, আন্তর্জাতিক কিরাত মাহফিল এবং সুমধুর হামদ-নাত মাহফিল।
সেমিনার ও কবিতা পাঠ: ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে বিশেষ আলোচনা সেমিনার এবং রাসুলুল্লাহ (সা.)-এর শানে রচিত কবিতা পাঠের আসর।
সাংস্কৃতিক প্রতিযোগিতা: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।
প্রকাশনা ও প্রদর্শনী: সিরাত স্মরণিকা ও জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ মনোমুগ্ধকর ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।

অনুষ্ঠানমালার পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশবরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ সিরাতের বিভিন্ন বিষয়ের ওপর তাফসির ও ওয়াজ পেশ করবেন।
এসব আয়োজনের মূল লক্ষ্য হলো ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রিয়নবী (সা.)-এর সুন্নাহর বাস্তব প্রতিফলন ঘটানো এবং নৈতিকতা, মানবিকতা ও শান্তির চেতনা সুদৃঢ় করা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত