আনোয়ারায় হযরত কম্বলী শাহ্’র ৮৫তম বার্ষিক ওরস শরীফ আজ: ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা কোনারবিলস্থ হযরত কম্বলী শাহ্ দরবার শরীফে আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে ৮৫তম বার্ষিক ওরস শরীফ। আজ ২৩ মে সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরীফের অন্যতম প্রধান খলিফা, হযরত মাওলানা কম্বলী শাহ্ (রহ.)-এর স্মরণে এই ওরসের আয়োজন করা হয়েছে। ওরস শরীফকে কেন্দ্র করে ইতিমধ্যেই আনোয়ারা ও এর আশেপাশের সুফি অনুরাগী এবং আশেকানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বার্ষিক এই ওরস শরীফ উপলক্ষে দরবার পরিচালনা কমিটি দিনব্যাপী অত্যন্ত সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির প্রথম পর্ব হিসেবে বাদ জোহর পবিত্র খতমে কুরআনের মাধ্যমে দিবসের শুভসূচনা করা হবে। এরপর বাদ আসর মাজার শরীফ জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বাদে মাগরিব মিলাদ মাহফিল ও হযরত কম্বলী শাহ্ (রহ.)-এর পুণ্যময় জীবন ও সুফি দর্শন নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর ওরসের মূল আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ছেমা ও কাওয়ালী মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে গভীর রাত পর্যন্ত ভক্তরা সুফি সংগীতে নিমগ্ন থাকবেন। সবশেষে রাত ১১:৩০ মিনিটে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরি মোনাজাত এবং উপস্থিত সকল আশেকান ও ভক্তবৃন্দের মাঝে উন্মুক্ত তাবারক বিতরণের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে।

আজকের এই ওরসে সাজ্জাদানশীন হিসেবে উপস্থিত থেকে মাহফিল ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন হাফেজ নগর দরবারের পীরে ত্বরীকত, হযরত মাওলানা মুফতী সৈয়দ আশেকুর রহমান আল্ হাফেজ নগরী মাইজভাণ্ডারী। এন্তেজামিয়া কম্বলী শাহ্ ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সুফি অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষকে এই ওরসে যোগদানের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত