পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত মিলাদ অলিম্পিয়াড সিজন-০২-এর প্রচারণার অংশ হিসেবে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. নূ.ক.ম আকবর হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে মিলাদ অলিম্পিয়াডের লক্ষ্য, উদ্দেশ্য, প্রতিযোগিতার কাঠামো এবং শিক্ষার্থীদের মাঝে হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও সিরাতচর্চা বিস্তারে এ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। পাশাপাশি অলিম্পিয়াডের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ড. নূ.ক.ম. আকবর হোসেন দ্য সূফি টাইমসকে বলেন, মিলাদ অলিম্পিয়াড নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ। কিশোর-তরুণদের কাছে হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি, এ উদ্যোগ নতুন প্রজন্মকে জ্ঞানচর্চার পাশাপাশি আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তিনি আয়োজকদের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন এবং মিলাদ অলিম্পিয়াডের সার্বিক সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক আবু বারাকাত মোহাম্মদ রেযা-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আবসার, ওসমান হারুনি, শোয়াইব আবু ওবাইদ মাহী এবং নেওয়াজ উদ্দিন।
উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখার উদ্যোগে আয়োজিত মিলাদ অলিম্পিয়াড সিজন-০২-এ নিবন্ধন চলমান রয়েছে। সিরাতভিত্তিক এ জাতীয় জ্ঞান প্রতিযোগিতায় এবার মোট ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র হারামাইন শরীফাইনের জিয়ারতের সুযোগ।