মিরপুরে “হযরত শাহ আলী বোগদাদী র. দাতব্য চিকিৎসালয়” উদ্বোধন: যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ১৬তম স্বাস্থ্যসেবা কেন্দ্র

 

রাজধানী ঢাকার মিরপুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হযরত শাহ আলী বোগদাদী র. দাতব্য চিকিৎসালয়। গতকাল শুক্রবার ১২ জুন ২০২৬ সকালে মিরপুরে অবস্থিত বাইত-উল-আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরীফে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চিকিৎসালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ক. ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক সংস্থা যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

সিকদার হাসপাতালের ডেন্টিস্ট ডা. নাজির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের ডেপুটি চিফ নিউজ এডিটর এ কে এম বদরুল আলম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সময়ের বড় দাবি। মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এ ধরনের মহতী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যাকাত ওয়েলফেয়ার ফান্ড দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা, শিক্ষা ও বহুমুখী মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হযরত শাহ আলী বোগদাদী র. দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠানটির ১৬তম দাতব্য চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে মানবতার সেবায় যুক্ত হলো।

রেজুয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সামিরা আনোয়ার, মেডিনেট হসপিটালের জি এম মোহাম্মদ ইমাম হোসেন, উত্তরা জেনারেল হাসপাতালের জি এম নুরুল হুদা, ফান্ডের সহ-সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ হাসান আসকারী, তানিম হোসেন এবং নাজিম উদ্দিন মিটু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং সমাপনীতে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ নুরুল ইসলাম ভূঁইয়া। উক্ত উদ্বোধনী মাহফিলে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত