পাঁচদিন পর বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ছারছিনার পীর সাহেবের

রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহাসিক সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনার পাঁচদিন পর গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা। একই সঙ্গে তিনি এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে একদল দুর্বৃত্ত রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত হযরত শাহ আলী বাগদাদীর মাজারে ঢুকে সাধারণ ভক্তদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার পাঁচদিন অতিবাহিত হওয়ার পর ছারছীনার পীর সাহেবের পক্ষ থেকে আসা এই বিবৃতিতে ঘটনাটিকে অত্যন্ত ‘ন্যক্কারজনক’ আখ্যা দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপমহাদেশে ইসলামের প্রসারে সুফি সাধকদের অবদান স্মরণ করে পীর সাহেব কেবলা বলেন, ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও বিস্তারে ওলি-আউলিয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন অঞ্চলে তাঁদের মাজার ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় চর্চার অংশ হিসেবে পরিচিত। কোনো মাজারকে কেন্দ্র করে যদি কোনো অনিয়ম, কুসংস্কার বা শরিয়তবিরোধী কর্মকাণ্ড ঘটে, তবে তার দায় মাজারে শায়িত পবিত্র ব্যক্তিদের নয়; বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

কবর জিয়ারতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, কবর জিয়ারত ইসলামে একটি সুন্নতসম্মত আমল এবং আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারতের মাধ্যমে ধর্মীয় অনুপ্রেরণা ও আত্মিক উপকার লাভের বিশ্বাস মুসলমানদের মধ্যে প্রচলিত। তবে মাজারগুলোতে সর্বাবস্থায় শরিয়তসম্মত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলেও মত দেন তিনি।

বিবৃতিতে তিনি ঢালাওভাবে মাজার ও সুফি ঐতিহ্যকে কেন্দ্র করে সমাজ ও গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা না চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। একইসাথে দেশের সার্বিক ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিশেষে, শাহ আলী বাগদাদীর মাজারে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ছারছীনার পীর সাহেব, যাতে ভবিষ্যতে কোনো উগ্রবাদী গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস না পায়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত