পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে ঢাকার নারিন্দাস্থ ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে আজ ২৬ জুন (শুক্রবার) বাদ আসর মাদ্রাসার শিক্ষার্থী, এতিম ও স্থানীয় মুসল্লিদের মাঝে ঐতিহ্যবাহী শরবত বিতরণ করা হয়েছে।
দরবার শরীফের প্রাক্তন পীর, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুর্শীদে বরহক, কুতুবে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মাদ আহছানুজ্জামান (রহ.)-এর অনুসৃত রীতি ও দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
হজরত শাহ আহসানুল্লাহ (রহমাতুল্লাহ আলাইহি) কমপ্লেক্স পরিচালিত আহসানিয়া এতিমখানা, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ্বা রাজিয়া খাতুন দারুল কেরাত মাদ্রাসা এবং দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার হোস্টেলের শতশত ছাত্রসহ জুমার নামাজে আগত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে এই তাবাররুক ও শরবত বিতরণ করা হয়।
দরবারের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব এবং মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ, ঢাকা-এর নায়েবে আমির— হাফেজ মাওলানা মুফতি শাহ মোহাম্মদ সাইফুজ্জামান (মা.জি.আ.) উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই শরবত বিতরণ করেন।