পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মহিমান্বিত ইতিহাস, হযরত ইমাম হোসাইন (রা.)-এর মহান আত্মত্যাগ এবং আশুরার চিরন্তন শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুন (শুক্রবার) পবিত্র ১০ই মহররম বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই সেমিনার সম্পন্ন হয়।
কুবি গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এবং ইশতিয়াক বিন ইউসুফের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আরবি প্রশিক্ষক ও বিশিষ্ট সুফি গবেষক শাইখ হামেদ আল আজহারী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা কারবালার সুমহান আদর্শ থেকে সত্য, ন্যায়, ধৈর্য, পরম ত্যাগ ও উচ্চতর মানবিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করে তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তার বক্তব্যে শাইখ হামেদ আল আজহারী বলেন, “কারবালার ইতিহাস মূলত সত্য, ত্যাগ, কোরবানি, সালাত এবং অন্যায়ের কাছে কোনো অবস্থাতেই মাথা নত না করার কালজয়ী শিক্ষা দেয়। পবিত্র আহলে বায়েতের প্রতি গভীর ভালোবাসা পোষণ করা এবং তাঁদের প্রদর্শিত জীবনদর্শন অনুসরণ করা প্রত্যেক প্রকৃত মুসলমানের জন্য অপরিহার্য।”
বক্তব্যের একপর্যায়ে তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী মাজার, খানকাহ ও দরগাহ শরীফসমূহে সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসাথে তিনি সবাইকে পারস্পরিক ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও শান্তি বজায় রাখার উদাত্ত আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডির স্মৃতিচারণ নয়; এটি সত্য, ন্যায়, ঈমান ও আদর্শের পথে অবিচল থাকার এক চিরন্তন অনুপ্রেরণা। আহলে বায়েতের সুমহান আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে শুরু হওয়া এই অ্যাকাডেমিক সেমিনারটি কারবালার শহীদদের রূহের মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।