মিরপুরে শাহ আলী বাগদাদীর মাজারে তিনদিন ব্যাপী ওরসের শেষদিন আজ: ভক্ত আশেকানের ঢল

সাম্প্রতিক ন্যাক্কারজনক হামলার ভয় ও শঙ্কাকে জয় করে এবং সকল অপতৎপরতার উপযুক্ত জবাব দিয়ে আজ বৃহস্পতিবার (২১ মে) সমাপনী বা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাজধানীর মিরপুরের ঐতিহাসিক সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ। ওরসের শেষদিনে আজ মাজার প্রাঙ্গণ ও এর চারপাশের বিস্তীর্ণ এলাকায় লাখো ভক্ত-আশেকান ও সুফি ঘরানার মানুষের ঢল নেমেছে। আউলিয়াদের প্রতি গভীর ভালোবাসা এবং সুফি সংস্কৃতির সুরক্ষায় দেশজুড়ে যে সংহতি তৈরি হয়েছে, আজ মিরপুরের রাজপথ তার এক অভূতপূর্ব দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

গত ১৪ মে একদল উগ্রবাদী কর্তৃক মাজারের পবিত্রতা নষ্ট এবং ভক্তদের ওপর হামলার ঘটনার পর এবারের বার্ষিক ওরস সম্পন্ন করা মাজার প্রশাসন ও সাধারণ ভক্তদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে আজ ওরসের শেষদিনে দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাফেলা, লাল-সবুজ নিশান এবং জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে দলে দলে আশেকানরা মাজার প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন।
ওরস উদযাপন কমিটির দায়িত্বশীলরা জানান, “হামলাকারীরা চেয়েছিল ভয়ের পরিবেশ তৈরি করে মাজারকে ভক্তশূন্য করতে। কিন্তু আউলিয়াদের প্রতি মানুষের অন্তরের টান যে কোনো অস্ত্রের চেয়ে শক্তিশালী, আজ লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার সবচেয়ে বড় প্রমাণ।”

ওরস যেন কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই নির্বিঘ্নে শেষ হতে পারে, সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

আজ গভীর রাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য ও দীর্ঘমেয়াদী শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হবে। মোনাজাত শেষে মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে সমবেত লাখো ভক্ত ও মেহমানদের মাঝে ঐতিহ্যবাহী নেওয়াজ ও তাবারুক বিতরণের মাধ্যমে এই ঐতিহাসিক ওরসের সফল সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মাজার কর্তৃপক্ষ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত