মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক ‘শাহাদাতে কারবালা মাহফিল’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৭ জুন ২০২৬ (শনিবার) রাতে নিউইয়র্কের ব্রুকলিনস্থ ৫১৮ ম্যাকডোনাল্ড এভিনিউতে অবস্থিত মার্কাজ কমিটির উদ্যোগে আয়োজিত এই আধ্যাত্মিক মহাসমাবেশটি আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে আয়োজিত এই দীর্ঘ মাহফিলের শেষ দিনে নবনির্মিত মার্কাজ প্রাঙ্গণে নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী বিভিন্ন স্টেট থেকে আগত শতশত আশেকানে রাসুল ও আহলে বায়েত প্রেমী প্রবাসী মুসলমানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক অভূতপূর্ব রূহানি পরিবেশের সৃষ্টি হয়।
মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরাম ও সুফি গবেষকগণ কারবালার মহিমান্বিত ও বেদনাবিধুর ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে হযরত ইমাম হোসাইন (রা.)-এর আপসহীন আত্মত্যাগ, ইসলামের সুমহান রূপরেখা রক্ষা এবং কারবালার চিরন্তন শিক্ষা নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে তাত্ত্বিক আলোচনা পেশ করেন।
পবিত্র এই সমাপনী ও দুআ অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ আলী, সালাহ উদ্দিন, ইফতেখার আহমেদ, নাওশাদ কামাল এবং নাজিম উদ্দিনসহ ধর্মপ্রাণ প্রবাসী সুধী সমাজ।
মাহফিল শেষে আয়োজক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে ৫ দিনব্যাপী এই অনুষ্ঠান সফল করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তাঁরা বলেন, “প্রবাসের ব্যস্ততম যান্ত্রিক জীবনেও আহলে বায়েতের ভালোবাসায় সিক্ত হয়ে যেভাবে মানুষ এই মাহফিলে শামিল হয়েছেন, তা প্রশংসনীয়। আল্লাহ তাআলা যেন আমাদের এই খিদমত কবুল করেন এবং সবাইকে দ্বীন ও সুফিবাদের এই ধারা এগিয়ে নেওয়ার তাওফিক দান করেন।”
পরিশেষে আমেরিকার মুসলিম কমিউনিটির নিরাপত্তা, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক আবেগঘন পরিবেশে বিশেষ সমাপনী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে ৫ দিনব্যাপী এই শাহাদাতে কারবালা মাহফিলের সফল সমাপ্তি ঘটে।