কুমিল্লার মুরাদনগরের চিশতিয়া নেজামীয়া দরবার শরীফের বার্ষিক ওরস আগামীকাল

 

কুমিল্লার মুরাদনগরের রাজা চাপিতলা চিশতিয়া নেজামীয়া দরবার শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে হযরতুল আল্লামা খাজা শাহ্ আলহাজ্ব কাজী মোঃ সিরাজ উদ্দিন চিশতি (রহ.)-এর ১৯তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ জিলক্বদ (১২ মে, মঙ্গলবার) থেকে দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক মহাসম্মেলন শুরু হবে।

ওরশ মোবারককে কেন্দ্র করে রাজা চাপিতলা চিশতিয়া নেজামীয়া দরবার শরীফ ও আশেকানদের মাঝে বর্তমানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রওজা শরীফ সংস্কার, আলোকসজ্জা এবং আগত মেহমানদের আপ্যায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে দরবার কর্তৃপক্ষ।

দরবার শরীফ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওরশের মূল অনুষ্ঠানমালা শুরু হবে মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা ৩০ মিনিটে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে। কর্মসূচির অন্যান্য পর্যায়গুলো হলো:
মঙ্গলবার (প্রথম দিন): বাদ জোহর পবিত্র রওজা মোবারকে গিলাফ চড়ানো ও বিশেষ মোনাজাত। বাদ মাগরিব ওলামায়ে কেরামগণের অংশগ্রহণে ইলমে শরীয়ত ও ইলমে তরিকত সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা। বাদ এশা হালকায়ে জিকির ও বিশেষ মোনাজাত।
বুধবার (দ্বিতীয় দিন): বাদ ফজর নিয়াজ ও তবারক বিতরণের মাধ্যমে ওরশ মোবারকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

 

দরবার শরীফের মুতাওয়াল্লী পীরজাদা কাজী মোঃ ইউসুফ সকল পীরভাই, আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের এই পবিত্র ওরশ মোবারকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই মিলনমেলার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক রহমত ও বরকত হাসিল করতে সক্ষম হবেন।
উল্লেখ্য যে, ওরশ উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত জাইরিনদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও দরবার শরীফের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত